নড়াইলের লোহাগড়া উপজেলায় দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ইউনিয়ন কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ শনিবার সকালে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী আবদুল আলিমের নেতৃত্বে কয়েকজন নেতা মানিকগঞ্জ বাজারে ইউনিয়নের আঞ্চলিক আওয়ামী লীগ কার্যালয় খোলেন। এরপর কার্যালয়ের সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন তাঁরা। কিছু সময় পর তারা সেখানে থেকে চলে যান।
এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে লোহাগড়া উপজেলা শহরের জয়পুর জামরুলতলা এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ওই সময় কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছিল। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ছবি ও পতাকা সরিয়ে ফেলা হয়।
কাজী আবদুল আলিম ফেসবুকে লিখেছেন, “দীর্ঘ ১৮ মাস পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগ ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন মানিকগঞ্জ বাজার আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শুভ উদ্বোধন করলাম।”
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।”