বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর অমর সৃষ্টির মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। সময় পেরিয়ে গেলেও গানটির আবেদন আজও অমলিন। নবীন-প্রবীণ বহু শিল্পীর কণ্ঠে নতুন রূপে ধরা দিয়েছে এ গান। এবার সেই তালিকায় যুক্ত হলেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস।
‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার’— কথামালায় সাজানো কবিগুরুর এই গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আজ (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
গানটি প্রসঙ্গে সৈকত দাস বলেন, “সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। এরপরই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্রসংগীতের প্রেমে পড়ে গেলাম।”
সুমন কল্যাণ বলেন, “সৈকত দা সত্তরের দশক থেকে গান করছেন। ওনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনও সামনে আনেননি, আড়ালেই থেকে গেছেন। এরমধ্যে রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”
সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশন-এ নিয়মিত গান করে আসছেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশের সময়ও তিনি ছিলেন সক্রিয়। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠান ‘শিউলিমালা’, যা উপস্থাপনা করতেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। পাশাপাশি চট্টগ্রাম বেতার-এও গান করেছেন তিনি।
বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত গান করছেন সৈকত দাস। ‘তুই ফেলে এসেছিস কারে’ ছাড়াও তার আরও বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)