স্টাফ রিপোর্টার: শেরপুরে সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) শরিফুর রহমানকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আগে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তি এখন স্থানীয় একটি স্বঘোষিত সাংবাদিক সংগঠনের নেতৃত্বে আসার চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে সমালোচিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিক-এর এপিএস ছিলেন শরিফুর রহমান। সম্প্রতি একটি সাংবাদিক সংগঠনের ইফতার মাহফিলে তাকে বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ঘিরে ছাত্রসমাজ ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) অভিযোগ করেন, অতীতে শরিফুর রহমান এমপি আতিকের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে তদবির বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।
তিনি বলেন, “যারা তখন দলের নাম ব্যবহার করে অর্থবিত্ত অর্জন করেছেন, তারা এখনো স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন। অথচ প্রকৃত কর্মীরা নানা মামলায় জড়িয়ে দুর্ভোগে পড়েছেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কয়েকজন নেতা দাবি করেন, শরিফুর রহমান আগে এমপি আতিকের এপিএস হিসেবে কাজ করেছেন এবং সেই সময় তার প্রভাব ছিল। এখন তিনি কিছু সাংবাদিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে নতুনভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে তাদের অভিযোগ।
তাদের মতে, অতীতে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ক্ষমতাসীনদের পক্ষে সক্রিয় ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শরিফুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)