শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে ধাপে ধাপে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে।
ববি হাজ্জাজ আরও বলেন, “নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি, ভাষা শিক্ষায় আমরা অনেক বেশি জোর দেব। প্রথমে মাতৃভাষা বাংলা শিক্ষা নিশ্চিত করা হবে। ভাষা শিক্ষার মানকে বিশ্বমাপের স্তরে উন্নীত করতে হবে। শিক্ষার্থীদের আহ্বান, দেশ ও জাতি এবং ভাষার প্রতি সম্মান বজায় রাখুন।”
প্রতিমন্ত্রী ভাষা ও সংস্কৃতির গুরুত্বের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব হলো দেশ ও জাতিকে রক্ষা করা। একই সঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করাও আমাদের কর্তব্য।”
মন্তব্য করুন
সাম্প্রতিক মন্তব্য (0)